নরসিংদীর পলাশে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) সকালে উপজেলার চরসিন্দুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পলাশ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— পলাশ নতুন বাজার গ্রামের আব্দুর রশীদের ছেলে মোঃ কামরুল ইসলাম (২৮), চরসিন্দুর গ্রামের মধ্যপাড়া এলাকার মৃত রিপন মিয়ার ছেলে মোঃ রফিকুল ইসলাম পাশা (২৩) এবং একই গ্রামের দক্ষিণপাড়ার মৃত আবু সাঈদের ছেলে মোঃ শরীফুল ইসলাম (৩৫)।
পলাশ থানা সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মধ্যপাড়া সড়কে অভিযান চালায় থানা পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কামরুল ইসলাম, রফিকুল ইসলাম পাশা ও শরীফুল ইসলাম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়।
পরে তাদের দেহ তল্লাশি করে প্যান্টের পকেটে থাকা পলিথিন থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পলাশ থানার এসআই মোহাম্মদ ইউসুফ আলী খান জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে চরসিন্দুরের বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল। উদ্ধারকৃত ইয়াবার ঘটনায় তাদের বিরুদ্ধে পলাশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের নরসিংদী আদালতে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

