বাগেরহাটের মোংলায় মাদক মামলায় জেল থেকে বের হয়ে মাদক ব্যবসা ছেড়ে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করে চার মাদক কারবারি থানায় আত্মসমর্পণ করে মুচলেকা দিয়েছেন।
সোমবার (১১ মে) সকালে মোংলা থানায় এসে তারা এ অঙ্গীকারনামা দেন। আত্মসমর্পণকারীরা হলেন-মোংলা পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ড শ্রমকল্যাণ রোড এলাকার একই পরিবারের সদস্য চালমা বেগম, আসমা বেগম ও ফরিদা বেগম। এছাড়া তাদের সঙ্গে সামছুল মোড়লও থানায় এসে মুচলেকা দেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কারবার নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছিল। সম্প্রতি পুলিশি অভিযান জোরদার হওয়ায় অনেকেই মাদক ব্যবসা থেকে সরে আসতে শুরু করেছেন। থানায় এসে প্রকাশ্যে মুচলেকা দেওয়ার ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছেন এলাকাবাসী। তাদের মতে, এ ধরনের উদ্যোগ সমাজে ভালো বার্তা দেবে এবং তরুণ প্রজন্ম মাদকের ভয়াবহতা থেকে দূরে থাকবে।
মোংলা থানার ওসি আতিকুর রহমান বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে মাদক উদ্ধারসহ মাদক কারবারি ও সেবনকারীদের গ্রেপ্তার করা হচ্ছে। চলমান অভিযানের অংশ হিসেবে সোমবার মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার অঙ্গীকার করে ওই চার ব্যক্তি থানায় এসে আত্মসমর্পণ করেন।”
তিনি আরও বলেন, “তারা ভবিষ্যতে আর মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকবেন না মর্মে লিখিত মুচলেকা দিয়েছেন। যদি পুনরায় মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন, তাহলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে জেল থেকে বের হয়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার এবং থানায় আত্মসমর্পণের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

