বাগেরহাটের মোংলায় এক ব্যক্তির বসতঘর থেকে ৪৯ পোটলা গাঁজা উদ্ধার করে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৬ এপ্রিল ) বিকেল সাড়ে ৫টার দিকে মোংলা থানা পুলিশের একটি দল মোংলা পোর্ট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শ্রম কল্যাণ রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেপ্তার হওয়া মোঃ রবিউল গাজী (৩০)-এর বসতঘর তল্লাশি করে সাদা কাগজে মোড়ানো ৪৯ পোটলা গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মোট ওজন ১৫০ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য ৬ হাজার টাকা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি)আতিকুর রহমান আমার দেশকে জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার ও মাদক উদ্ধার করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।”
স্থানীয় বাসিন্দারা,পুলিশের এমন অভিযানকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, “এ ধরনের তৎপরতা অব্যাহত থাকলে এলাকা মাদকমুক্ত রাখা সম্ভব হবে।” তারা প্রশাসনের চলমান মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদারের দাবি জানান।
আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

