নেত্রকোণার মদন উপজেলার হাওরাঞ্চলে কৃষকদের খোঁজখবর নিতে গিয়ে বোরো ধান কাটা উদ্বোধন করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
রোববার (১২ এপ্রিল) উপজেলার গোবিন্দশ্রী হাওরে কৃষকদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। পরে বালালী গ্রামের সামনে তলার হাওরে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বোরো ধানক্ষেত পরিদর্শন করেন।
এর আগে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দুপুরে হাওর এলাকায় ধান কাটা উদ্বোধনের পর কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এ সময় তিনি কৃষকদের দুঃখ-দুর্দশার কথা শোনেন এবং সমস্যার সমাধানে সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, অতিবৃষ্টির কারণে হাওরে পানি জমে থাকায় কোথাও কোথাও বাঁধ কেটে পানি নিষ্কাশন করা হচ্ছে, আবার কিছু জায়গায় নতুন বাঁধ নির্মাণ ও মেরামতের কাজ চলছে।
তিনি আরও বলেন, “আল্লাহর রহমতে এ বছর হাওরে ভালো ফলন হয়েছে। কৃষকরা যাতে দ্রুত ধান কেটে ঘরে তুলতে পারে, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।”
জেলেদের উদ্দেশে তিনি আগামী তিন থেকে চার মাস হাওরে পোনা মাছ না ধরার আহ্বান জানান। বৈশাখ থেকে সেপ্টেম্বর পর্যন্ত পোনা মাছ ধরা বন্ধ রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং পোনা সংরক্ষণে স্থানীয়ভাবে কমিটি গঠনের আহ্বান জানান। পাশাপাশি কারেন্ট জালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন।
মাদকবিরোধী অবস্থান তুলে ধরে তিনি বলেন, তার এলাকায় কোনো ধরনের মাদক সহ্য করা হবে না এবং এ বিষয়ে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদির, রাজনৈতিক একান্ত সচিব মির্জা হায়দার আলীসহ দলীয় নেতাকর্মীরা।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

