ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চার গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) সকাল থেকে টানা প্রায় তিন ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামের সঙ্গে পাশের খাপুরা, মাঝিকান্দা ও সিংগাড়িয়া গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। শুক্রবার সন্ধ্যায় আখের রস পান করা নিয়ে তিন যুবককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। এর জেরে সেদিন সন্ধ্যাতেই প্রথম দফায় সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন।
শনিবার ভোরে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। সকাল ৭টা থেকে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। একপক্ষে ছিল মুনসুরাবাদ গ্রামের লোকজন, অন্যপক্ষে ছিল খাপুরা, মাঝিকান্দা ও সিংগাড়িয়া গ্রামের বাসিন্দারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে ঘরবাড়ির ছাদ ও দোকানের আড়াল থেকে ইট-পাটকেল ও কাঁচের বোতল নিক্ষেপ করা হয়। এতে পুরো মুনসুরাবাদ বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশের কয়েকজন সদস্যও আহত হয়েছেন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন প্রয়োজন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

