AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুন্সিগঞ্জে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
১১:০৯ এএম, ৩ এপ্রিল, ২০২৬

মুন্সিগঞ্জে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটুক্তির অভিযোগে মুন্সিগঞ্জের শ্রীনগরে শাওন মাহমুদ (৩৫) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন যুবদল নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার জুশুরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। পরে সন্ত্রাসবিরোধী আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে শ্রীনগর থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া শাওন মাহমুদ শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের প্রাণী মণ্ডল এলাকার বাসিন্দা। তিনি মো. শহিদুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শাওনের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার জুশুরগাঁও এম রহমান কমপ্লেক্স এলাকায় শাওনের মালিকানাধীন একটি রেস্তোরাঁয় ২৫–৩০ জন বিএনপি ও যুবদলের নেতাকর্মী জড়ো হন। পরে সেখানে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

শাওনকে আটক করার সময় উপস্থিত যুবদল কর্মী উজ্জ্বল খান ও বুলেট সাংবাদিকদের বলেন, “বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সে (শাওন) অকথ্য ভাষায় পোস্ট করেছে। বিষয়টি আমরা থানা প্রশাসনকে জানাই। প্রায় চার থেকে সাড়ে চার ঘণ্টার প্রচেষ্টায় তাকে ধরতে সক্ষম হই। বাংলাদেশের জনগণ তারেক রহমানের কোনো খারাপ দিক বলতে পারবে না। এমন একজন মানুষকে নিয়ে কটুক্তি আমরা মেনে নেব না।”

শাওনকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে তারা আরও বলেন, তার সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তাদেরও গ্রেপ্তারের দাবি জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিলটন দত্ত জানান, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ সময় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার ফেসবুক আইডিতে বিভিন্ন সময়ে সরকার ও রাষ্ট্রবিরোধী নানা ধরনের পোস্ট পাওয়া গেছে বলেও জানান তিনি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

কোন আইনে গ্রেপ্তার করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, শাওনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!