নাটোরের লালপুরে ওয়ালিয়া যুব সমাজের উদ্যোগে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী, ক্রীড়া অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণ করেন এলাকার বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুরা।
সকালে মহিলাদের জন্য মিউজিক্যাল চেয়ার, বালিশ ধরা, হাঁড়িভাঙ্গা, বেলুন ফাটানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পাশাপাশি শিশুদের দৌড় এবং বড়দের জন্য ঝুড়িতে বল নিক্ষেপ, মোরগ লড়াই, ধীর গতির মোটরসাইকেল চালানো সহ প্রায় কুড়িটি ইভেন্টে প্রাণবন্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত সকলের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে।
মধ্যাহ্ন বিরতির পর বিকেলে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ। খেলাটি উপভোগ করতে মাঠে ভিড় করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে এলাকার সিনিয়র ক্রীড়া অনুরাগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন। আয়োজকদের এমন উদ্যোগ এলাকাবাসীর মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দেয় এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে তোলে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

