ঈদে বাড়ি ফেরার পথে বগুড়ার শেরপুরে মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত নয়জন।
বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শিউলী বেগম (৪৮), তায়েবা খাতুন (৩৫) এবং মাইক্রোবাসের চালক রিন্টু (৪৭)। আহতদের মধ্যে নারী ও শিশুসহ কয়েকজন রয়েছেন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ঈদের ছুটিতে ঢাকাগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাস উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ছোনকা এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে পুরো গাড়িতে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতা বেশি হওয়ায় যাত্রীদের বের হওয়ার সুযোগ খুব কম ছিল। এতে ঘটনাস্থলেই চালক দগ্ধ হয়ে মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রোকন উদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

