লালমনিরহাটের পাটগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় গুরুতর আহত আরও এক শিশুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শরিফুল ইসলাম (৩৫) পাটগ্রামে একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই শরিফুল ইসলাম, তার স্ত্রী ও ছেলে নিহত হন। আহত মেয়েকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানায়, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

