বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত বর সাব্বিরসহ একই পরিবারের ৯ সদস্যের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার(১৩ মার্চ) জুমার নামাজের পর রামপাল উপজেলা পরিষদ মাঠে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডা. শেখ ফরিদুল ইসলামসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। এতে হাজারো মানুষ উপস্থিত ছিলেন।
পরে বিকেল সোয়া ৩টার দিকে পৌর কবরস্থানে দাফন কার্যক্রম শুরু হয়। প্রথমে পরিবারপ্রধান আ. রাজ্জাককে দাফন করা হয়। এরপর পর্যায়ক্রমে পরিবারের অন্য সদস্যদের দাফন সম্পন্ন করা হয়।
জেলা প্রশাসক গোলাম মো. বাতেন জানিয়েছেন, নিহতদের পরিবারকে জেলা প্রশাসনের ত্রাণ তহবিল, জেলা পরিষদ এবং সড়ক পরিবহন আইনের আওতায় আর্থিক সহায়তা দেওয়া হবে। ইতোমধ্যে নিহত মাইক্রোবাস চালকের পরিবারকে ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
এদিকে দুর্ঘটনায় কনের পক্ষ থেকেও চারজন নিহত হয়েছেন। তারা হলেন— নববধূ মার্জিয়া আক্তার (মিতু), তার ছোট বোন লামিয়া আক্তার, দাদি রাশিদা বেগম ও নানি আনোয়ার বেগম। তাদের বাড়ি খুলনার কয়রা উপজেলার নকশা গ্রামে।
উল্লেখ্য, বৃহস্পতিবার খুলনার কয়রা থেকে বিয়ের অনুষ্ঠান শেষে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস মোংলার উদ্দেশে রওনা দেয়। পথে রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকায় একটি স্টাফ বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

