AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অফিস সময় মানছেন না হরিরামপুরের বেশির ভাগ কর্মকর্তা



অফিস সময় মানছেন না হরিরামপুরের বেশির ভাগ কর্মকর্তা

সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে অফিস কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও তা মানছেন না মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বেশিরভাগ কর্মকর্তা। ঝাড়ুদার ও অফিস সহকারীরা সকালে অফিস খুললেও কর্মকর্তারা আসছেন নিজেদের খেয়ালখুশি মতো সময়ে। রোববার (৮ মার্চ) সকালে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে এমন চিত্র দেখা যায়।

গত ২ মার্চ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত বাধ্যতামূলকভাবে নিজ নিজ অফিসে অবস্থানের নির্দেশ দিয়ে পরিপত্র জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, শুধুমাত্র ভিভিআইপি/ভিআইপিদের প্রটোকল, বড় ধরনের দুর্ঘটনা মোকাবিলা, গুরুত্বপূর্ণ সভায় যোগদান এবং অনুমোদিত ভ্রমণসূচিতে সফরে যাওয়ার ক্ষেত্র ছাড়া এই নির্দেশনা পালন বাধ্যতামূলক। এর আগে ২০১৯, ২০২১ এবং সর্বশেষ ২০২৩ সালেও এ নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করা হয়। তবে হরিরামপুরে নজরদারি ও জবাবদিহিতার অভাবে সেই নিয়মে ভাটা পড়েছে। দীর্ঘসময় অপেক্ষা করতে হচ্ছে সরকারি বিভিন্ন সেবা নিতে আসা মানুষদের। ফলে ধীরগতি দেখা দিচ্ছে সরকারি কাজেও।

রোববার (৮ মার্চ) সকাল থেকে সরেজমিনে উপজেলায় অবস্থান করে দেখা যায়, অফিস কক্ষ খোলা থাকলেও সকাল ১০টা পর্যন্ত অফিসে আসেননি সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু হানিফা ও উপজেলা সমবায় কর্মকর্তা নিলুফার ইয়াসমিন।

এ বিষয়ে আবু হানিফা বলেন, “আমি হরিরামপুরে নতুন যোগদান করেছি। পূর্বের অফিসের কিছু দাপ্তরিক কাজ বাকি থাকায় সেগুলো শেষ করতে গিয়ে আজ আসতে দেরি হয়েছে। কাজ শেষ হলে নিয়মিত সময়মতো অফিস করব।”

অপরদিকে নিলুফার ইয়াসমিনকে মুঠোফোনে কল করে সাংবাদিক পরিচয় দিয়ে জানতে চাইলে তিনি কল কেটে দেন। পরে একাধিকবার কল করা হলেও তিনি আর রিসিভ করেননি। তবে জেলা সমবায় কর্মকর্তা ফারহানা ফেরদৌস বলেন, “কেউ যদি দপ্তরে উপস্থিত না থাকেন, তাহলে নিয়মিত উপস্থিতি বিধিমালা-২০১৯ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এছাড়া সকাল ১০টা ১ মিনিটে অফিসে আসেন উপজেলা নির্বাচন কর্মকর্তা হাফিজা খাতুন। তিনি বলেন, “ঢাকা থেকে আসার কারণে আজ সকালে আসতে একটু দেরি হয়েছে।”

সকাল ৯টা ৫৬ মিনিটে উপজেলা আনসার ও ভিডিপি অফিস খোলেন প্রশিক্ষিকা কৃষ্ণা রানী পাল। তবে অফিসে আনসার-ভিডিপি কর্মকর্তা আসমা আক্তারকে পাওয়া যায়নি। মুঠোফোনে তিনি জানান, তিনি চার দিনের ছুটিতে আছেন। দেরিতে অফিস খোলার বিষয়টি তিনি দেখবেন।

বয়ড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. আইয়ুব আলী অফিসে আসেন সকাল ৯টা ৪০ মিনিটে। তিনি বলেন, “গতকাল মোটরসাইকেলের হর্নে সমস্যা হয়েছিল। আসার সময় সেটি ঠিক করতে গিয়ে একটু দেরি হয়েছে।”

এছাড়া খাদ্য কর্মকর্তা রাবেয়া সুলতানা অফিসে আসেন সকাল ৯টা ৩৯ মিনিটে। একই অফিসের উপ-পরিদর্শক মেহেদী হাসান আসেন সকাল ১০টা ৪ মিনিটে। রাবেয়া সুলতানা বলেন, “আমরা সকালেই অফিসে আসি। অনেক সময় বিকেল ৪-৫টার পরেও কাজ করতে হয়, কখনো কখনো সন্ধ্যার পরেও।”

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম অফিসে আসেন সকাল ৯টা ২২ মিনিটে।

অপরদিকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. নাজমুল হোসেনকে অফিসে দেখা যায়নি। এ বিষয়ে অফিস থেকে জানানো হয়, তিনি প্রধান কার্যালয়ে গেছেন।

এ বিষয়ে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার বলেন, “মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেক দপ্তরকে আমরাও অবহিত করেছি। প্রতিটি দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। আমরা বিষয়টি আবারও জানিয়ে দিয়ে সতর্ক করব।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!