AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুড়ীতে এসএসসি কেন্দ্র নিয়ে অসন্তোষ: ভোগান্তি কমাতে পুনর্বিবেচনার দাবি



জুড়ীতে এসএসসি কেন্দ্র নিয়ে অসন্তোষ:  ভোগান্তি কমাতে পুনর্বিবেচনার দাবি

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় চলতি বছরের এসএসসি পরীক্ষার কেন্দ্র নির্ধারণকে ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও অসন্তোষ দেখা দিয়েছে।

বিশেষ করে সাগরনাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত কেন্দ্র সীমান্তবর্তী রাঘনা বটুলী উচ্চ বিদ্যালয় হওয়ায় ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বছর উপজেলায় তিনটি মূল কেন্দ্রের পাশাপাশি দুটি সাব-সেন্টার ছিল। কিন্তু চলতি বছর সাগরনাল উচ্চ বিদ্যালয় সাব-সেন্টারটি বাদ দিয়ে উপজেলা সদর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে অবস্থিত সীমান্তবর্তী রাঘনা বটুলী উচ্চ বিদ্যালয়কে কেন্দ্র ঘোষণা করা হয়েছে।

ফলে দূরবর্তী এই কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। রাঘনা বটুলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের অধীনে এবার সাগরনাল উচ্চ বিদ্যালয় ও ফুলতলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে।

সাগরনাল উচ্চ বিদ্যালয় থেকে কেন্দ্রটির দূরত্ব প্রায় ৭ কিলোমিটার এবং ফুলতলা উচ্চ বিদ্যালয় থেকে প্রায় ৪ কিলোমিটার। এলাকাটি ভারত সীমান্তঘেঁষা হওয়ায় এবং সড়কে নিয়মিত যানবাহন চলাচল না থাকায় শিক্ষার্থীদের ব্যক্তিগত বা রিজার্ভ গাড়ির ওপর নির্ভর করতে হবে।

স্থানীয়দের মতে, রাঘনা বটুলী উচ্চ বিদ্যালয়ের পরিবর্তে সাগরনাল উচ্চ বিদ্যালয়কে কেন্দ্র করা হলে শিক্ষার্থীদের জন্য তা অনেক সুবিধাজনক হবে। সে ক্ষেত্রে ফুলতলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাত্র দুই কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সহজেই কেন্দ্রে পৌঁছাতে পারবে এবং ওই সড়কে বাস সার্ভিসও রয়েছে। 

এছাড়া বিদ্যালয়টি জুড়ী–ফুলতলা সড়কের পাশে অবস্থিত হওয়ায় উপজেলা সদর থেকে প্রশ্নপত্রও সময়মতো পরিবহন করা সম্ভব হবে।

স্থানীয়রা আরও জানান, উপজেলা সদর থেকে দূরে কেন্দ্র হওয়ায় প্রশ্নপত্র পরিবহনেও বিলম্ব ঘটে। অনেক সময় পরীক্ষা শুরুর ৫ থেকে ১০ মিনিট পর প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছানোর ঘটনাও ঘটেছে। গত ২০২০ সালে এমন ঘটনার অভিযোগে এক শিক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও করেছিলেন।

জানা‌ যায়, উপজেলার সাগরনাল ইউনিয়নে চারটি উচ্চ বিদ্যালয় থাকা সত্ত্বেও এখানে এবার কোনো পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়নি। অন্যদিকে ফুলতলা ইউনিয়নে দুটি বিদ্যালয়ের দুটিকেই কেন্দ্র ঘোষণা করা হয়েছে, যার মধ্যে রাঘনা বটুলী উচ্চ বিদ্যালয় ভারত সীমান্ত থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যে অবস্থিত।

এদিকে ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের অধীনে জীবনজ্যোতি নগর উচ্চ বিদ্যালয় ও হাজী সোনা মিয়া - আপ্তারুননেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে। এসব বিদ্যালয় থেকে কেন্দ্রটির দূরত্ব প্রায় ৫ কিলোমিটার।

সংশ্লিষ্ট দুই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, সাগরনাল উচ্চ বিদ্যালয়ে কেন্দ্র স্থাপন করা হলে শিক্ষার্থীদের জন্য তা আরও সুবিধাজনক হবে। এ বিষয়ে তারা শিক্ষা বোর্ডে সম্মতিপত্র পাঠানোর কথাও জানিয়েছেন।

সাগরনাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টি সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে এবং এখানে পর্যাপ্ত কক্ষ, অবকাঠামো ও পরীক্ষার উপযোগী পরিবেশ রয়েছে। তিনি বলেন, দূরে পরীক্ষা কেন্দ্র হওয়ায় শিক্ষার্থীদের যাতায়াতসহ নানা ধরনের ভোগান্তির সম্মুখীন হতে হয়, যা বিশেষ করে প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের জন্য আরও কষ্টসাধ্য হয়ে ওঠে।

তিনি শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় সাগরনাল উচ্চ বিদ্যালয়কে এসএসসি পরীক্ষার কেন্দ্র হিসেবে অনুমোদনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান ।

অন্যদিকে জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও পাশ্ববর্তী পূর্ব জুড়ী ইউনিয়নে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত হোসন আলী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিতে পাঠানো হয়েছে। যদিও এই বিদ্যালয়ের এক কিলোমিটারের মধ্যেই উপজেলা সদরে মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয় অবস্থিত।

এদিকে, উপজেলা সদরের মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী জানান, তিনি তাঁর বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র স্থাপনের জন্য শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে আবেদন করেছেন।

আবেদনে তিনি উল্লেখ করেন, গত বছর এই বিদ্যালয়ের কেন্দ্রে জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, জায়ফরনগর উচ্চ বিদ্যালয় ও কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে। এ বছরও এখানে কেন্দ্র স্থাপন করা হলে আশপাশের আরও দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা সহজেই পরীক্ষা দিতে পারবে।

এ ব্যাপারে বিশিষ্ট শিক্ষাবিদ ও জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া মনে করেন, শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা, প্রশ্নপত্র পরিবহন এবং নিরাপত্তার বিষয় বিবেচনায় এনে কেন্দ্র নির্ধারণ পুনর্বিবেচনা করা হলে শিক্ষার্থীদের ভোগান্তি অনেকাংশে কমবে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!