জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া বাজার থেকে কোয়ালীকান্দি বাজার সড়কের কাটাখালী বিলের ওপর নির্মিত একটি ব্রিজের দুই পাশের রেলিং দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে আছে। নির্মাণকাজে ব্যবহৃত লোহার রডও ইতোমধ্যে চুরি হয়ে গেছে। ফলে রেলিংবিহীন ব্রিজ দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। তবে এখনো সংস্কারে দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া, কোয়ালীকান্দি, পাকরুলসহ পাশের ইসলামপুর ও মেলান্দহ উপজেলার আরও ৭-৮টি গ্রামের প্রায় ২০ থেকে ২৫ হাজার মানুষ প্রতিদিন এ সড়ক দিয়ে যাতায়াত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯৭-৯৮ অর্থবছরে কাটাখালী বিলের ওপর ব্রিজটি নির্মাণ করে Local Government Engineering Department (এলজিইডি)।
কোয়ালীকান্দি গ্রামের বাসিন্দা বারিক আকন্দ বলেন, “গত ৬-৭ বছর ধরে ব্রিজের রেলিং ভাঙতে শুরু করে। প্রথমে এক পাশ, পরে অন্য পাশের রেলিংও ভেঙে পড়ে। দীর্ঘদিন পড়ে থাকায় রডগুলো চুরি হয়ে গেছে। আমরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছি। দ্রুত সংস্কার প্রয়োজন।”
তেঘরিয়া এলাকার ভ্যানচালক লুৎফর রহমান বলেন, “রেলিং না থাকায় ব্রিজ পার হতে খুব ভয় লাগে, বিশেষ করে রাতে। দ্রুত রেলিং সংস্কারের দাবি জানাচ্ছি।”
স্থানীয় ইউপি সদস্য জগলুল হক রিমু বলেন, ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ; অন্তত ১০টি এলাকার প্রায় ২০ থেকে ২৫ হাজার মানুষ নিয়মিত এটি ব্যবহার করেন। দ্রুত সংস্কার অথবা নতুন করে নির্মাণের দাবি জানান তিনি।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, “রেলিংবিহীন ব্রিজটি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়দের দাবি, সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত ব্রিজটির সংস্কার বা নতুন করে রেলিং নির্মাণে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

