পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব দীপেন দেওয়ান রমজান উপলক্ষে পার্বত্য এলাকায় বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের বিশেষ নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে এবং মধ্যস্বত্বভোগী বা ফড়িয়াদের কোনো প্রকার দৌরাত্ম্য সহ্য করা হবে না। বাজার মূল্য অস্থিতিশীল করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি জেলা পরিষদ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেন। ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি একটি কার্যকর ‘বাজার ফান্ড’ তৈরির ওপরও গুরুত্বারোপ করেন।
আজ (শুক্রবার) রাঙ্গামাটি সার্কিট হাউসে বান্দরবান জেলার ব্যবসায়ী প্রতিনিধি এবং রাঙ্গামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী দীপেন দেওয়ান জানান, বর্তমান নির্বাচিত সরকার ১৮০ দিনের একটি বিশেষ উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে তা বাস্তবায়নে কাজ করছে। তিনি বলেন, "আমরা আগে কাজ করে দেখাতে চাই, তারপর ফলাফল আপনাদের সামনে দৃশ্যমান করব।" মন্ত্রী আরও বলেন, দীর্ঘ সময় ধরে উন্নয়নের সুযোগ থেকে বঞ্চিত এলাকাগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে এবং পাহাড়ে সুষম উন্নয়নে কোনো ধরনের বৈষম্য হতে দেওয়া হবে না।
বান্দরবানের বিভিন্ন জাতিগোষ্ঠী প্রসঙ্গে মন্ত্রী বলেন, বম, পাংখোয়া, খেয়াংসহ পাহাড়ের ১১টি জাতিগোষ্ঠীর সবাই সরকারের কাছে সমান। কাউকেও পেছনে ফেলে রাখা হবে না, বরং সকল সম্প্রদায়কে দেশের মূলধারার উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করা হবে।
পরে একই স্থানে রাঙ্গামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সঙ্গে এক বৈঠকে মন্ত্রী পার্বত্য চট্টগ্রামে আধুনিক শিক্ষা বিস্তারের জন্য সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি প্রাথমিক শিক্ষা অফিসের সকল শূন্য পদের তালিকা দ্রুত প্রস্তুত করে পদ্ধতিগতভাবে তা পূরণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
মন্ত্রী দীপেন দেওয়ান আরও বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্যবাসীর মঙ্গলের জন্য আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা পালনে আমি বদ্ধপরিকর। দেশের স্বার্থে লাভ-লোকসানের হিসাব ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

