কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নিখোঁজ শিশু মোহাম্মদ আলী (৪)-এর লাশ ১৭ ঘণ্টা পর জিকে প্রধান খাল থেকে উদ্ধার করা হয়েছে।
মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের কাদেরপুর গ্রামের প্রবাসী রহমত আলী কহনের কনিষ্ঠ পুত্র।
মিরপুর ফায়ার সার্ভিস-এর ইন্সপেক্টর রেজা জানান, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে নিখোঁজ শিশুর পরিবার তাদের কাছে জানায়, দুপুর ৩টা থেকে মোহাম্মদ আলীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের ধারণা ছিল, বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া জিকে খালের পানিতে পড়ে সে তলিয়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল কয়েক ঘণ্টা পানিতে তল্লাশি চালিয়েও শিশুটির সন্ধান পায়নি। পরে খুলনা ডুবুরি টিমকে খবর দেওয়া হয়।
বুধবার সকালে ডুবুরি দলের লিডার সাইদুল হকের নেতৃত্বে একটি দল সকাল ৮টা থেকে প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালিয়ে বাড়ির পাশের জিকে খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

