নওগাঁ-৪ (মান্দা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি দেন।
বিকেল ৪টার দিকে তিনি প্রথমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন এবং বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। মোনাজাতে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিতকরণ এবং জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
জিয়ারতে ডা. টিপুর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী লাইলা আঞ্জুমান বানু, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া উপস্থিত ছিলেন মান্দা উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল জলিল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, সাবেক বিএনপি নেতা লুৎফর রহমান, নাসির উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা জামিল হোসেন প্রামানিক, হারুন অর রশিদ, স্বেচ্ছাসেবক দল নেতা শামীম হোসাইন এবং সাবেক ইউপি সদস্য ইউসুফ আলী প্রমুখ।
জিয়ারতের পর সংক্ষিপ্ত বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু বলেন, “শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বের পথ অনুসরণ করেই আমি জনগণের কল্যাণে কাজ করব। নওগাঁ-৪ আসনের উন্নয়ন, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আমি অগ্রণী ভূমিকা রাখব।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

