AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোপালগঞ্জে টিকটক প্রেমিকের টানে ৩ বছরের সন্তানকে হত্যা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
১১:৩৯ পিএম, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

গোপালগঞ্জে টিকটক প্রেমিকের টানে ৩ বছরের সন্তানকে হত্যা

গোপালগঞ্জে পরকীয়া সম্পর্কের জেরে নিজের তিন বছরের শিশুকন্যাকে শ্বাসরোধে হত্যার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যার পর মরদেহ ঘরের ট্রাংকের ভেতরে লুকিয়ে রেখে ওই নারী প্রেমিকের সঙ্গে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা নিলারমাঠ এলাকার একটি বাড়ি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার ১৬ দিন পর পুলিশ মরদেহ উদ্ধার করে। অভিযুক্ত মা সেতু বেগম (২৫) বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে গোপালগঞ্জ সদর উপজেলার রুবেল শেখের সঙ্গে টুঙ্গিপাড়া উপজেলার গজালিয়া গ্রামের সেতু বেগমের বিয়ে হয়। তাদের সংসারে তিন বছর বয়সী কন্যাসন্তান ফারিয়া ছিল। জীবিকার প্রয়োজনে প্রায় এক বছর আগে রুবেল শেখ সৌদি আরবে যান।

স্বামী প্রবাসে থাকার সময় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে ফরিদপুর সদরপুর উপজেলার মাঝকান্দি এলাকার মিরাজ মুন্সি (২৩)-এর সঙ্গে সেতু বেগমের পরিচয় হয়। ধীরে ধীরে সেই পরিচয় ঘনিষ্ঠ সম্পর্কে রূপ নেয় বলে অভিযোগ রয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই সম্পর্কের পথে সন্তানকে বাধা মনে করে গত ২২ জানুয়ারি সন্ধ্যায় শ্বশুরবাড়িতে শিশুটিকে ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে মরদেহটি একটি ট্রাংকের ভেতরে লুকিয়ে রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে যান সেতু বেগম।

তবে কিছুদিন পর প্রেমিকের সঙ্গেও বিচ্ছিন্ন হয়ে পড়েন তিনি। গত ৪ ফেব্রুয়ারি ফরিদপুরে এক আত্মীয়ের বাড়িতে তাকে রেখে পালিয়ে যান মিরাজ মুন্সি। পরে পরিবারের সদস্যদের চাপের মুখে শিশুহত্যার বিষয়টি স্বীকার করেন সেতু বেগম।

শনিবার তার মা ও মামা তাকে গোপালগঞ্জ সদর থানায় নিয়ে গেলে পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের তথ্য দেন তিনি। পরে তার দেখানো মতে বাড়িতে অভিযান চালিয়ে ট্রাংক থেকে পচে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু জানান, অভিযুক্ত মায়ের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, অভিযুক্ত মা গ্রেপ্তার রয়েছেন এবং পলাতক প্রেমিককে আটক করতে অভিযান চলছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!