নড়াইলে নদীতে নিখোঁজের ছয় দিন পর মনোজ পাইকের (৪৫) ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। নড়াইলের লোহাগড়া উপজেলায় নবগঙ্গা ও মধুমতী নদীর সংগমস্থল থেকে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মরদেহটি উদ্ধার করে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ি।
বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. অহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে নড়াইলের কালিয়া উপজেলার কাঞ্চনপুর ঘাট এলাকায় একটি চলন্ত ট্রলার থেকে নবগঙ্গা নদীতে পড়ে নিখোঁজ হন খুলনার দিঘলিয়া উপজেলার কামারগাতী গ্রামের সুনীল পাইকের ছেলে মনোজ পাইক (৪৫)।
নিখোঁজের দিন মনোজের স্বজনরা জানান, তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন।
নিখোঁজের ছয় দিন পর বৃহস্পতিবার দুপুরের দিকে নবগঙ্গা ও মধুমতী নদীর সংগমস্থলে একটি ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়িকে খবর দেন। নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
খবর পেয়ে বিকেলে মনোজের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহটি দেখে পরিচয় নিশ্চিত করেন।
এসআই মো. অহিদুর রহমান জানান, উদ্ধার করা মরদেহটি গত ৩০ জানুয়ারি রাতে কাঞ্চনপুর এলাকায় ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়া মনোজ পাইকের। পরিবারের সদস্যরা মরদেহের পরিচয় শনাক্ত করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে। থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

