AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভোটগ্রহণ ও গণনার সব ধাপে থাকবে কঠোর নজরদারি: নির্বাচন কমিশনার


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০১:৩০ পিএম, ১ ফেব্রুয়ারি, ২০২৬

ভোটগ্রহণ ও গণনার সব ধাপে থাকবে কঠোর নজরদারি: নির্বাচন কমিশনার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত প্রতিটি ধাপ কঠোর নজরদারির আওতায় পরিচালিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে বরিশাল সার্কিট হাউসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ডিজিটাল সেল ও পর্যবেক্ষণ টিমের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার জানান, প্রবাসী ভোটারদের ব্যালটে প্রতীকের সংখ্যা ১১৯টি হওয়ায় ভোট গণনায় স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি সময় লাগতে পারে। তবে ব্যালটের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্বে থাকবেন এবং লাইভ ভেরিফিকেশন বাধ্যতামূলক থাকায় জালিয়াতির সুযোগ থাকবে না।

ভোটকেন্দ্রে সরঞ্জাম ব্যবহারের ক্ষেত্রে নতুন নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেন, শুধু প্রিজাইডিং অফিসার কলম ব্যবহার করবেন, অন্য কর্মকর্তাদের জন্য পেন্সিল নির্ধারিত থাকবে। প্রতিটি সংসদীয় আসনে ১০ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন।

ভোট কেনাবেচা রোধে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অর্থ লেনদেনের ওপর বিশেষ নজরদারি চলছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে একাধিক সমন্বয় সভা হয়েছে এবং প্রয়োজনে লেনদেনের সীমা নির্ধারণ করা হতে পারে।

নির্বাচন সংশ্লিষ্ট কেউ কোনো ধরনের আপ্যায়ন গ্রহণ করতে পারবেন না—এই নির্দেশনা পুনর্ব্যক্ত করে কমিশনার বলেন, অপতথ্য মোকাবিলায় দ্রুত ও সঠিক তথ্য প্রচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি বয়স্ক, প্রতিবন্ধী ও আহত ভোটারদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা রাখা হবে। নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ করতে প্রতিটি জেলা ও ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বড় কিংবা ছোট—কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ বরদাশত করা হবে না। অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় জেলা রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমন, পুলিশ সুপার ফারজানা ইসলামসহ নির্বাচন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!