কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সূচনা করা হয়।
এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বাধীনতা স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ. টি. এম. কামরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন।
কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, সাদা কবুতর ও বেলুন উড়িয়ে মহান বিজয় দিবসের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, শিশু-কিশোর সংগঠন, স্কাউট, রোভার স্কাউট ও গার্লস গাইডের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও যোদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিজওয়ানা রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম, প্রাণিসম্পদ ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ মামুন মিয়া, কালীগঞ্জ থানার তদন্ত ওসি মো. আশরাফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, পৌর প্রকৌশলী মন্নুর আহম্মেদ, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আসাদুজ্জামান ভূঁইয়া, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন আক্তার, উপজেলা বিএনপির আহ্বায়ক মাস্টার হুমায়ুন কবির, পৌর জামায়াতের আমির মাওলানা আমিমুল এহসানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মহান বিজয় দিবস উপলক্ষে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে বিজয় মেলার উদ্বোধন করা হয়। এছাড়াও উপজেলা প্রশাসনের আয়োজনে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

