রাজশাহীর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আগামী ২১ ডিসেম্বর ২০২৫ (রবিবার) অনুষ্ঠিত হবে। এ সমাবর্তনে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস. মুর্শিদ। তিনি সমাবর্তনের চেয়ার হিসেবে গ্রাজুয়েটদের হাতে ডিগ্রি প্রদান করবেন।
সমাবর্তনের মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিকভাবে স্বনামধন্য গবেষক ও প্রকৌশলবিজ্ঞানী, কানাডার ইউনিভার্সিটি অব ম্যানিটোবার ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. একরাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর সদস্য প্রফেসর ড. এম. আনোয়ার হোসেন। এছাড়া বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাফিজুর রহমান খান সমাবর্তনে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন।
সোমবার সকালে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা।
উপাচার্য জানান, এবারের সমাবর্তনে সামার ২০২০ থেকে ২০২৫ সালের স্প্রিং সেমিস্টার পর্যন্ত স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ডিগ্রি গ্রহণ করবেন। ব্যবসায় প্রশাসন, আইন ও মানবাধিকার, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, পাবলিক হেলথ, ইংরেজি, সমাজবিজ্ঞান, অর্থনীতি, জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মোট ৫৩৭৫ জন গ্রাজুয়েট এই সমাবর্তনে অংশ নেবেন।
তিনি আরও বলেন, এবছর শিক্ষার্থীরা তাঁদের বাবা-মাসহ সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক মন্দা এবং খাদ্য সংকট মোকাবেলায় গ্রাজুয়েটদের সম্ভাব্য ভূমিকা—এ বিষয়টি সমাবর্তনের মূল বার্তা হিসেবে তুলে ধরা হবে। অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সংবাদ সম্মেলন শেষে উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে সমাবর্তনের ক্ষণগণনা শুরু করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

