কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আহাদ, অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (অসি) সোহেব খাঁন, উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিৎ সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম শাহীন, উপজেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন আনা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আশরাফুল হকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৪ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসের এক বেদনাবিধুর ও স্মরণীয় দিন। স্বাধীনতার বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে দেশের বরেণ্য বুদ্ধিজীবীদের হত্যা করে। জাতিকে মেধাশূন্য করার এই ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন শিক্ষক, চিকিৎসক, সাংবাদিকসহ বহু গুণীজন।
বক্তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। একটি ন্যায়ভিত্তিক, স্বনির্ভর ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলাই হবে তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা। শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

