ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এলাকার কয়েকজন সম্মানিত ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়েরের অভিযোগ উঠেছে। বিবাদীপক্ষের দাবি, প্রতিপক্ষ আবু তাহের পরিকল্পিতভাবে ঘটনা সাজিয়ে আদালতে মামলা দায়ের করে তাদের হয়রানি করছেন।
রোববার দুপুরে সরেজমিনে গিয়ে জানা যায়, একই গ্রামের আবু তাহেরের সঙ্গে অভিযুক্তদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে একাধিকবার গ্রাম্য সালিশ ও দরবার বসানো হলেও বাদীপক্ষ কোনো সমাধান মেনে নেয়নি। বরং বিরোধকে পুঁজি করে প্রতিপক্ষকে ফাঁসাতে আদালতের দ্বারস্থ হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
বিবাদীপক্ষের ভাষ্য অনুযায়ী, গত ২৫ অক্টোবর ঘটনার দিন দুপুরে কোনো হামলা, লুটপাট বা অস্ত্রসজ্জিত আক্রমণের ঘটনা ঘটেনি। উভয় পক্ষের মধ্যে কেবল সামান্য কথা কাটাকাটি হয়েছিল। মামলায় যে বিপুল পরিমাণ গবাদিপশু, বাঁশ ও মালামাল লুটের অভিযোগ আনা হয়েছে—তার কোনো বাস্তব প্রমাণ পাওয়া যায়নি বলে স্থানীয়দের দাবি।
এলাকার একাধিক গণ্যমান্য ব্যক্তি জানান, ভরদুপুরে এভাবে একের পর এক গরু, খাদ্য ও বাঁশ কেটে নিয়ে যাওয়ার ঘটনা বাস্তবসম্মত নয়। তারা আরও জানান, সাময়িকভাবে তিনটি গরু নিয়ে যাওয়া হলেও পরে গৌরীপুর থানা পুলিশ সেগুলো উদ্ধার করে বাদীপক্ষকে ফেরত দেয়। এর বাইরে মামলায় উল্লেখিত গরু বা সম্পদের অস্তিত্ব পাওয়া যায়নি।
সরেজমিন তদন্তে যুক্ত ব্যক্তিদের দাবি, ঘটনার সত্যতা যাচাইয়ে কোনো ভাঙচুর বা বড় ধরনের সহিংসতার আলামত পাওয়া যায়নি। বরং বাদী মামলার মাধ্যমে প্রতিপক্ষকে সামাজিকভাবে হেয় করা এবং আইনি হয়রানির উদ্দেশ্যেই অতিরঞ্জিত অভিযোগ এনেছেন।
এ বিষয়ে অভিযুক্ত শফিকুল ইসলাম বলেন,“আমরা সমাজে সম্মান নিয়ে বসবাস করি। কখনো এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিলাম না। জমি বিরোধের কারণে আমাদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।”
এলাকার প্রবীণ ও গণ্যমান্য ব্যক্তিরাও মনে করেন, এ মামলা প্রকৃত অপরাধের চেয়ে দীর্ঘদিনের জমি বিরোধের ফল। তারা ন্যায়বিচারের স্বার্থে সুষ্ঠু তদন্ত ও প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।
অন্যদিকে বাদী আবু তাহেরের ভাষ্য মতে, অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী হওয়ায় ঘটনার সত্যতা কেউ ভয়ে স্বীকার করছে না।
এ বিষয়ে গৌরীপুর থানা সূত্রে জানা যায়, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

