শেরপুরের নকলায় উপজেলা কৃষি কর্মকর্তার ওপর হামলার ঘটনায় সহযোগী আসামি ফজলু ঢাকার আদাবর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আদাবর এলাকা থেকে নকলা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
নকলা থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “উপজেলা কৃষি কর্মকর্তার ওপর হামলার মামলার সহযোগী আসামি ফজলুকে ঢাকার আদাবর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ (১৩ নভেম্বর) আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।”
উল্লেখ্য, গত ৫ নভেম্বর নকলা উপজেলায় সরকারি কৃষি প্রণোদনা দিতে অস্বীকৃতি জানানোয় উপজেলা কৃষি কর্মকর্তা শাহারিয়ার মুরসালিনকে মারধরের অভিযোগ ওঠে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম (৩৫) ও তার সহযোগী ফজলুর রহমান (৩২)-এর বিরুদ্ধে। ঘটনার পরদিন রাতে কৃষি কর্মকর্তা নকলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন, যেখানে রাহাত হাসান কাইয়ুম ও ফজলুরকে আসামি করা হয়। ৬ নভেম্বর অভিযোগ প্রমাণিত হওয়ায় কেন্দ্রীয় ছাত্রদল রাহাত হাসান কাইয়ুমকে বহিষ্কার করে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

