ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে সারা বিশ্বের মতো বাংলাদেশেও বইছে ফুটবল উন্মাদনা। এই উন্মাদনা থেকে বাদ যাননি দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। প্রিয় দলকে সমর্থন জানাতে তারাও সরব সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সাক্ষাৎকারে।
এবার আলোচনায় এসেছেন ঢালিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী। ব্যক্তিগত জীবন কিংবা শাকিব খানকে ঘিরে নানা সময়ে তাদের নাম শিরোনামে এলেও, এবার কোনো বিতর্ক নয়—ফুটবলই এনে দিয়েছে এক অভিন্ন পরিচয়। দুজনেরই পছন্দের দল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্রাজিলের প্রতি নিজের গভীর সমর্থনের কথা জানান অপু বিশ্বাস। তিনি বলেন, ‘আমি ব্রাজিল দলের কট্টর সমর্থক। আমার বিশ্বাস, যারা নান্দনিক ফুটবল উপভোগ করেন, তারা ব্রাজিলকে ভালোবাসেন। ফুটবল যে একটি শিল্প, সেটি ব্রাজিলের খেলা দেখলেই সবচেয়ে বেশি অনুভব করি।’
তার এই মন্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়েছে, ফুটবলের সৌন্দর্য ও সৃজনশীলতাই তাকে ব্রাজিলের প্রতি আকৃষ্ট করেছে। বিশ্বকাপের আবহে প্রিয় দলকে ঘিরে তার এমন উচ্ছ্বাস ইতোমধ্যে ভক্তদের মধ্যেও আলোচনার জন্ম দিয়েছে।
তবে অন্যরা যে খেলা একেবারেই বোঝেন না, তা বলতে চাননি এই নায়িকা। অপুর মতে, ব্রাজিলের খেলায় এমন এক ছন্দ আছে যা অন্য কোনো দলে তিনি খুঁজে পান না। প্রিয় দলের প্রতি ভালোবাসার পাশাপাশি আর্জেন্টিনার খুদে জাদুকর লিওনেল মেসির ব্যক্তিত্বেরও প্রশংসা করেছেন অপু। ফুটবলপ্রেমীদের কাছে তাই এই নায়িকার বার্তা, ব্রাজিলের প্রতি ভালোবাসা আর মেসির প্রতি সম্মান।
অন্যদিকে, ঢালিউডের আরেক জনপ্রিয় নায়িকা শবনম বুবলীও সামাজিক মাধ্যমে ব্রাজিলকে সমর্থন জানিয়ে বিশেষ পোস্ট দিয়েছেন। তাতে দেখা যায়, ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরা একটি পোস্টার শেয়ার করেছেন বুবলী। ছবিটির ক্যাপশনে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল’।
শুধু প্রিয় দলের প্রতি অকুণ্ঠ সমর্থনই নয়, এই পোস্টের মাধ্যমে নিজের ছোটবেলার ফুটবল আবেগের কথাও স্মরণ করেছেন এই নায়িকা। ব্রাজিলের কিংবদন্তি কয়েকজন ফুটবলারের নামও উল্লেখ করেন পোস্টে।
সাধারণত শাকিব খানের সমীকরণে অপু বিশ্বাস আর শবনম বুবলীকে সবসময় দেখা যায় দুই মেরুতে। ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েনে তাদের মধ্যকার বৈরী সম্পর্ক নিয়ে চর্চার শেষ নেই নেট দুনিয়ায়। কিন্তু চলমান ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের প্রশ্নে দুজনই এখন একই দলের জার্সিতে এক কাতারে এসে দাঁড়িয়েছেন। আর তাতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা।
তবে অপু ও বুবলী দুজনেই ব্রাজিলের ডেরায় যোগ দিলেও মেগাস্টার শাকিব খান কোন শিবিরের সমর্থক সেই উত্তর অবশ্য এখনো ধোঁয়াশাতেই রয়ে গেছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

