লক্ষ্মীপুর জেলার কমলনগরে একটি সয়াবিন ক্ষেত থেকে মো. কাশেম (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে পেশায় কৃষি শ্রমিক ছিল।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর জাঙ্গালিয়া গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
কাশেম কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ির আবু সায়েদের ছেলে।
ঘটনাস্থলটি ওই যুবকের শ্বশুর বাড়ির পাশেই। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে স্থানীয় লোকজন।
জানা গেছে, প্রায় তিন মাস আগে কাশেম হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর জাঙ্গালিয়া গ্রামের আলি আক্কাসের মেয়ে তাসলিমাকে বিয়ে করে। তাসলিমা তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সাথে তার ছাড়াছাড়ি হয়ে
যায়।
কামেশের বাবা আবু সায়েদ জানান, মঙ্গলবার তার ছেলে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে তাদের বাড়ি থেকে বের হয়। সকালে
ছেলের মৃত্যুর খবর পান তিনি। তার ছেলেকে হত্যা করা হয়েছে বলে দাবি তার।
হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য ইয়াছিন আরাফাত বলেন, কাশেম মঙ্গলবার বিকেলে তার শ্বশুর বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যায়। সকালে শ্বশুর বাড়ির পাশের একটি ফসলি ক্ষেতে তার মৃতদেহ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এটা হত্যাকাণ্ড হতে পারে।
কমলনগর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল জলিল বলেন, কাশেমের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তার নাক—মুখে রক্ত দিয়ে রক্ত বের হয়েছে। ময়নাতদন্তের তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
একুশে সংবাদ/র.ই.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

