রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। হত্যাকারীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে শুক্রবার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর কালশী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
সন্ধ্যার পর কালশী রোডের ফুলকলি ও আধুনিক মোড় এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
বিক্ষোভকারীরা ‘জাস্টিস ফর রামিসা’, ‘ফাঁসি চাই’ এবং ‘অপরাধীদের বিচার চাই’—এমন বিভিন্ন স্লোগান দেন। নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।
প্রতিবাদকারীরা বলেন, শিশু রামিসা হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের বিলম্ব মেনে নেওয়া হবে না বলেও তারা জানান।
তাদের অভিযোগ, বিচারহীনতার সংস্কৃতির কারণেই দেশে বারবার এমন নৃশংস ঘটনা ঘটছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাজধানীর পল্লবী এলাকার একটি বাসা থেকে শিশু রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পরে প্রধান অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

