AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোরবানির ৮ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারিত হবে : ডিএসসিসি প্রশাসক


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:০২ পিএম, ২০ মে, ২০২৬

কোরবানির ৮ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারিত হবে : ডিএসসিসি প্রশাসক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু জবাইয়ের পর রাজধানী ঢাকাকে দ্রুত পরিচ্ছন্ন করার পরিকল্পনার কথা জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম বলেছেন, কোরবানির বর্জ্য সর্বোচ্চ ৮ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হবে।

বুধবার (২০ মে) রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকার ১৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত সবজি বাগান সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের (এসটিএস) সৌন্দর্যবর্ধন ও ল্যান্ডস্ক্যাপিং কার্যক্রম উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক জানান, পশুর হাট শেষ হওয়ার রাত থেকেই বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করা হবে। এ বিষয়ে ইজারাদারদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং সিটি করপোরেশনের পক্ষ থেকেও পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি বলেন, দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১১টি পশুর হাট বসানোর জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। প্রতিটি হাটে নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হবে। এছাড়া জরুরি চিকিৎসা সেবার জন্য মেডিকেল টিম ও চিকিৎসক নিয়োজিত থাকবেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল জোরদার করা হবে।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতির কথাও উল্লেখ করেন আব্দুস সালাম। তিনি জানান, বিভিন্ন এলাকায় জরিপ পরিচালনা করা হচ্ছে এবং ঝুঁকিপূর্ণ স্থানে মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ অভিযান চলছে। এ সময় তিনি নগরবাসীকে বাড়িঘর, আঙিনা ও ড্রেন পরিষ্কার রাখার আহ্বান জানান।

এসটিএস আধুনিকায়ন প্রসঙ্গে তিনি বলেন, আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে বর্জ্য কেন্দ্রগুলোর দুর্গন্ধ কমিয়ে সেগুলোকে পরিবেশবান্ধব ও দৃষ্টিনন্দন করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে তিনটি এসটিএস উন্নয়ন করা হয়েছে এবং পর্যায়ক্রমে সবগুলোকে একইভাবে সাজানো হবে।

ঢাকার পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় নাগরিকদের সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, বায়ুদূষণ ও যানজটমুক্ত নগর গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জনগণের সহযোগিতা পেলে আগামী কয়েক বছরের মধ্যে রাজধানীর চিত্র বদলে দেওয়া সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

একুশে সংবাদ/যাবিদ

Link copied!