রাজধানীর উত্তরা এলাকা থেকে বাবার সামনে অপহৃত এক স্কুলছাত্রীকে ৯ দিন পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মূলহোতা লামীন ইসলাম (১৯) কে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১ মে) দুপুরে গাজীপুরের পূবাইলের কালু মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি গাজীপুরের কালীগঞ্জ থানার রায়েরদিয়া (উলুখোলা) এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গত ২২ এপ্রিল পরীক্ষা শেষে মেয়েকে নিয়ে বাসায় ফিরছিলেন তার বাবা। উত্তরা ৬ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কে পৌঁছালে লামীন ইসলামসহ ৬-৭ জন দুর্বৃত্ত জোরপূর্বক মেয়েটিকে একটি গাড়িতে তুলে নিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগীর বাবা উত্তরা পূর্ব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরপর তদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনী।
অভিযানে গ্রেপ্তার লামীন ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

