রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় দুর্বৃত্তদের হামলায় ইব্রাহিম খলিল শুভ নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের মোহাম্মদপুর থানার সমন্বয়ক এবং আলোচিত জুলাই হত্যা মামলার একজন সাক্ষী বলে জানা গেছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বসিলা এলাকার একটি চা দোকানে বসে থাকার সময় ৪ থেকে ৫ জন ব্যক্তি বোরকা ও মুখে মাস্ক পরিহিত অবস্থায় হঠাৎ তাকে ঘিরে ধরে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। হামলার পর ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।
স্থানীয়রা তাকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), যা পঙ্গু হাসপাতাল নামে পরিচিত, সেখানে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহতের স্বজনদের দাবি, জুলাই হত্যা মামলার সাক্ষী হওয়ায় পূর্বপরিকল্পিতভাবে তাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
অন্যদিকে পুলিশ জানিয়েছে, নির্বাচন-পরবর্তী সময়ে একটি চক্র দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে তারা তথ্য পাচ্ছে। তবে প্রাথমিকভাবে স্থানীয় আধিপত্য বা পূর্ববিরোধকেও হামলার সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

