ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ তিন দফা দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি নিয়ে অগ্রসর হলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতৃত্বাধীন মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ডাকসু ভবনের সামনে থেকে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে মিছিল শুরু করে ডাকসু। হাইকোর্ট মোড় সংলগ্ন এলাকায় পৌঁছালে পুলিশ তাদের অগ্রযাত্রায় বাধা দেয়।
ডাকসু সূত্র জানায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ তিন দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
পরিকল্পনা অনুযায়ী মিছিলটি ডাকসু ভবন থেকে টিএসসি হয়ে সচিবালয়ের সামনে অবস্থান নেওয়ার কথা ছিল। মিছিল চলাকালে অংশগ্রহণকারীদের ‘সুশীলতার দিন শেষ, জবাব চায় বাংলাদেশ’, ‘এক হাদি হাসপাতালে, লক্ষ হাদি রাজপথে’, ‘আমরা সবাই হাদি হবো’—এ ধরনের স্লোগান দিতে দেখা যায়। পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টাকে ইঙ্গিত করে কটাক্ষমূলক স্লোগানও শোনা যায়।
এ বিষয়ে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, “এটি একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রতিবাদ কর্মসূচি। আমরা ডাকসু থেকে মিছিল শুরু করে টিএসসি হয়ে সচিবালয়ের সামনে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছি।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

