রাজধানীর লালবাগে কাভার্ড ভ্যানচাপায় সানজিদা আক্তার তামান্না নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত সানজিদা আক্তার তামান্না নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন।
শুক্রবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে বেড়ীবাঁধের শামীম গার্মেন্টসের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।
ধানমন্ডি থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে (পাঠাও) করে লালবাগের উদ্দেশ্যে রওনা হন সানজিদা। লালবাগ বেড়ীবাঁধ শামীম গার্মেন্টসের সামনে রাস্তায় আসলে সেখানে দ্রুতগামী এক কাভার্ড ভ্যানের ধাক্কায় পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি।
খবর পেয়ে লালবাগ থানার এসআই আক্তার হোসেন ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত সানজিদাকে উদ্ধার করে প্রথমে পার্শ্ববর্তী ক্লিনিকে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যান ও চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
একুশে সংবাদ.কম/চ.ট.প্র/জাহাঙ্গীর



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

