২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই সাতটি দলের টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে। গ্রুপপর্বের শেষ রাউন্ডের ম্যাচগুলো বাকি থাকলেও এসব দল আর নকআউট পর্বে ওঠার সুযোগ পাচ্ছে না।
৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপে গ্রুপপর্ব শেষে মোট ১৬টি দল বিদায় নেবে। এর মধ্যে সাতটি দলের বিদায় ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে।
সর্বপ্রথম বিদায়ের তালিকায় নাম লেখায় পাঁচটি দল, যারা নিজেদের প্রথম দুই ম্যাচেই পরাজিত হয়েছিল। পরে সেই তালিকায় যুক্ত হয়েছে কাতার ও চেক প্রজাতন্ত্র। শেষ ম্যাচে যথাক্রমে বসনিয়া ও হার্জেগোভিনা এবং মেক্সিকোর কাছে হেরে নিজেদের গ্রুপের তলানিতে থেকে বিদায় নিশ্চিত করে দল দুটি।
টুর্নামেন্টের বর্তমান নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপের সর্বশেষ অবস্থানে থাকা দলগুলো সরাসরি বাদ পড়বে। পাশাপাশি তৃতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে সবচেয়ে খারাপ পারফরম্যান্স করা চারটি দলও বিদায় নেবে।
এদিকে, গ্রুপ ‘সি’ থেকে হাইতির বিদায় নিশ্চিত হয়েছে। দীর্ঘ সময় পর বিশ্বকাপে ফেরা দলটি স্কটল্যান্ড ও ব্রাজিলের বিপক্ষে পরাজিত হয়ে নকআউট পর্বে ওঠার সম্ভাবনা হারায়।
ইউরোপীয় দলগুলোর মধ্যে প্রথম বিদায় নিশ্চিত হয় তুরস্কের। অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের কাছে হেরে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। পরে একই পরিণতি হয় চেক প্রজাতন্ত্রের।
আফ্রিকার প্রতিনিধিদের মধ্যে এখন পর্যন্ত শুধু তিউনিসিয়ার বিদায় নিশ্চিত হয়েছে। দলটি সুইডেন ও জাপানের বিপক্ষে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ে।
অন্যদিকে, বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া জর্ডানও গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে। এশিয়ার আরেক প্রতিনিধি কাতারের সঙ্গে তাদের নামও যোগ হয়েছে বিদায়ী তালিকায়। এছাড়া পানামা ঘানা ও ক্রোয়েশিয়ার বিপক্ষে পরাজয়ের ফলে নকআউট পর্বের আশা হারিয়েছে।
এ পর্যন্ত বিদায় নিশ্চিত দলগুলো:কাতার, চেক প্রজাতন্ত্র, হাইতি, তুরস্ক, তিউনিসিয়া, জর্ডান, পানামা ।
বিশ্বকাপের এবারের আসরে টাইব্রেকারের ক্ষেত্রে গোল পার্থক্যের আগে হেড-টু-হেড ফলাফলকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে বেশ কয়েকটি গ্রুপে শেষ ম্যাচ পর্যন্ত উত্তেজনা বজায় রয়েছে। গ্রুপপর্বের অবশিষ্ট ম্যাচ শেষে নকআউট পর্বে ওঠা দলগুলোর পূর্ণ তালিকা চূড়ান্ত হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

