AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৩৬ বছর পর বিশ্বকাপে হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:৫৯ পিএম, ২৫ জুন, ২০২৬

৩৬ বছর পর বিশ্বকাপে হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ

ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। এই দুই দলের মুখোমুখি লড়াই সবসময়ই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের বাড়তি আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। আর সেই লড়াই যদি বিশ্বকাপের মঞ্চে হয়, তাহলে উত্তেজনা পৌঁছে যায় ভিন্ন মাত্রায়।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলমান বিশ্বকাপের সেমিফাইনালে ৩৬ বছর পর আবারও মুখোমুখি হতে পারে দক্ষিণ আমেরিকার এই দুই পরাশক্তি।

গ্রুপ ‘জে’-তে টানা দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে উঠলে দ্বিতীয় রাউন্ডে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে খেলবে লিওনেল মেসির দল। বর্তমানে সেই অবস্থানের জন্য এগিয়ে রয়েছে উরুগুয়ে।

অন্যদিকে, শুরুর ধাক্কা সামলে হাইতির বিপক্ষে জয় তুলে নিয়ে গ্রুপ ‘সি’-এর শীর্ষে উঠে এসেছে ব্রাজিল। শেষ ম্যাচে অন্তত ড্র করতে পারলেই গ্রুপসেরা হিসেবে পরবর্তী পর্বে জায়গা নিশ্চিত করবে সেলেসাওরা। সেক্ষেত্রে দ্বিতীয় রাউন্ডে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে জাপান।

টুর্নামেন্টের ড্র অনুযায়ী, ব্রাজিল ও আর্জেন্টিনা নিজেদের পরবর্তী ম্যাচগুলো জিতে কোয়ার্টার ফাইনালের বাধা পেরোতে পারলে সেমিফাইনালে একে অপরের মুখোমুখি হবে।

বিশ্বকাপের মূল পর্বে দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল ১৯৯০ সালের ২৪ জুন ইতালি বিশ্বকাপে। তুরিনে অনুষ্ঠিত সেই রাউন্ড অব ১৬ ম্যাচে আর্জেন্টিনা ১-০ গোলে হারিয়েছিল ব্রাজিলকে।

সেই ম্যাচে ৮১তম মিনিটে ডিয়েগো ম্যারাডোনার দারুণ এক অ্যাসিস্ট থেকে জয়সূচক গোল করেন ক্লদিও ক্যানিজিয়া। বিশ্বকাপের নকআউট পর্বে এটাই ছিল দুই দলের একমাত্র মুখোমুখি লড়াই।

তাই সম্ভাব্য সেমিফাইনালে দেখা হলে ১৯৯০ সালের সেই পরাজয়ের প্রতিশোধ নিতে চাইবে ব্রাজিল। অন্যদিকে আর্জেন্টিনা চাইবে প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে। সব মিলিয়ে সমীকরণ মিললে ৩৬ বছর পর বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার মহারণ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!