সাংস্কৃতিক রাজধানী হিসেবে খ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) “নই বাঁধা, নই দাসের রাজার ত্রাসের দাসত্বে” স্লোগান ধারণ করে শুরু হতে যাচ্ছে দশ দিনব্যাপী বিতর্ক আয়োজন “৮ম নবীন ও আহনাফ তাহমীদ খান রাইয়ান স্মারক ১৯তম আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ২০২৬”।
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও)-এর আয়োজনে আগামী ১ ও ২ মে অনুষ্ঠিত হবে “৮ম নবীন বিতর্ক প্রতিযোগিতা ২০২৬”। এরপর ৮ ও ৯ মে আয়োজন করা হবে “আহনাফ তাহমীদ খান রাইয়ান স্মারক ১৯তম আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ২০২৬”। সবশেষে, আগামী ১০ মে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দ্বীন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।
আয়োজক সংগঠন জেইউডিও’র সভাপতি আল লুবান জানান, এবারের নবীন বিতর্ক প্রতিযোগিতায় ৫৪তম আবর্তনের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এছাড়া আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ২১টি হল থেকে শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। তিনি বলেন, “এ আয়োজন জেইউডিও’র ধারাবাহিক বিতর্ক চর্চা ও যুক্তিবাদী সমাজ গঠনের প্রয়াসকে আরও বেগবান করবে।”
“৮ম নবীন বিতর্ক প্রতিযোগিতা ২০২৬”-এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন অর্থনীতি বিভাগের ৫৩তম আবর্তনের শিক্ষার্থী আফিয়া ইবনাত সামিহা। অন্যদিকে “আহনাফ তাহমীদ খান রাইয়ান স্মারক ১৯তম আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ২০২৬”-এর আহ্বায়ক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী নাজমুল ওয়ারা তালহা।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

