উচ্চগতির ক্যাম্পাস নেটওয়ার্ক স্থাপনের লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলসমূহে অপটিক্যাল ফাইবার কেবল স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সাদ্দাম হোসেন হলে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
ব্র্যাকনেট লিমিটেড ও অপটিমাল টেকনোলজি (প্রাইভেট) লিমিটেডের সঙ্গে হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় সম্পাদিত চুক্তির ভিত্তিতে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন পরিচালিত এ প্রকল্পের আওতায় ইবি ছাড়াও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও উচ্চগতির নেটওয়ার্ক স্থাপন করা হবে।
এ সময় আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোঃ শাহজাহান আলী জানান, প্রকল্প বাস্তবায়িত হলে প্রতিটি কক্ষে একটি করে রাউটার স্থাপন করা হবে। কক্ষে অবস্থানরত শিক্ষার্থীরা সেই রাউটারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারবে এবং রাউটারগুলো মেশ নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত থাকবে। পর্যাপ্ত ব্যান্ডউইথের কারণে শিক্ষার্থীদের জন্য নিরবচ্ছিন্ন ডিজিটাল সেবা নিশ্চিত করা সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।
উদ্বোধনের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল সিস্টেম উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং শিক্ষার্থীরা এর সুফল ভোগ করতে পারবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

