ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র এক দিন আগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, “আমি সরে দাঁড়াচ্ছি, যেন নির্বাচিত রাজনৈতিক সরকার তাদের নিজেদের মতো করে প্রশাসন সাজাতে পারে।” তবে তিনি এখনই দায়িত্ব ছেড়ে দিচ্ছেন না বলে স্পষ্ট করেন।
ড. নিয়াজ আহমদ খান জানান, আনুষ্ঠানিকভাবে এখনও পদত্যাগপত্র জমা দেননি। নির্বাচনের পর নতুন সরকার গঠিত হলে তাদের পূর্ণ সহযোগিতা নিশ্চিত করতে তিনি কিছুদিন দায়িত্ব পালন করবেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১০ আগস্ট তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল পদত্যাগ করেন। পরে ২৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানকে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনে সাময়িকভাবে ঢাবির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, রাজনৈতিক শিষ্টাচার ও প্রশাসনিক গতিশীলতা বজায় রাখাই তার সিদ্ধান্তের মূল কারণ। নির্বাচিত সরকার যেন তাদের কর্মপরিকল্পনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন পুনর্গঠন করতে পারে, সে লক্ষ্যেই তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
তিনি আরও বলেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতে তিনি কাজ করে যাবেন এবং পরবর্তীতে দায়িত্ব হস্তান্তরের সময় সর্বোচ্চ সহযোগিতা করবেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

