বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে আন্তঃবিভাগ ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫-২৬।
রোববার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. তৌফিক আলম।
বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা অফিসের আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক ড. আতিকুল হক ফরাজী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মো. রুবেল খান৷
এসময় উপাচার্য বলেন, খেলাধুলা প্রতিটি শিক্ষার্থীর জন্য অত্যন্ত জরুরী একটা বিষয়। খেলাধুলার মাধ্যমে আমরা সময়ানুবর্তিতা ও নিয়মানুবর্তিতা শিখতে পারি। আমাদের চারপাশে ড্রাগসহ নানা খারাপ বিষয় রয়েছে। খেলাধুলা এ সকল খারাপ বিষয় থেকে দূরে থাকতে সহায়তা করে। আমাদের শিক্ষার্থীদের শারিরিক ও মানসিক সুস্থ্যতা নিশ্চিতে এ ধরণের টুর্নামেন্ট আয়োজনের বিকল্প নেই।
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, প্রক্টর, পরিচালক, শিক্ষকমন্ডলী, সহকারী প্রক্টর, শিক্ষার্থীবৃন্দ, দপ্তর প্রধানসহ শারীরিক শিক্ষা দপ্তরের অন্যান্যরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের উদ্বোধনী পর্বে পদার্থবিজ্ঞান বিভাগ ও মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের মধ্যে ভলিবল খেলা অনুষ্ঠিত হয়।
এবারের আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতার ছাত্র ইভেন্টে ২৫টি বিভাগ ও ছাত্রী ইভেন্টে ৪টি বিভাগ অংশগ্রহণ করবে এবং ব্যাডমিন্টন প্রতিযোগিতার ছাত্র ইভেন্টে ২৫টি বিভাগ ও ছাত্রী ইভেন্টে ২১ টি বিভাগ অংশগ্রহণ করবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

