বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় গ্রীণ ফোরাম।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই শোক জানানো হয়।
শোকবার্তায় তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধুমাত্র বিএনপির নেত্রীই ছিলেন না। তিনি ছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের মানুষের একজন যোগ্য অবিভাবক এবং বাংলাদেশের মাজলুম মানুষের আস্থা ও ভালোবাসার প্রতিক। তাঁর আপসহীন নেতৃত্ব ও আধিপত্যবাদ বিরোধী মনোভাব বাংলাদেশের মানুষের অন্তরে তাঁকে চিরস্থায়ী করে রাখবে।
বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে দেশ একজন যোগ্য অবিভাবক ও পরীক্ষিত রাজনীতিককে হারালো। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার জন্য যারাই কাজ করবেন তাঁদের জন্য বেগম খালেদা জিয়া অনন্য আদর্শ হয়ে থাকবেন।
প্রসঙ্গত, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

