পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২জনের মৃত্যু হয়েছে। এ সময় শিশুর মা আহত হয়েছেন।
রোববার (৭ জুন) রাত ৯টার দিকে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের কোলেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাবনা সদর উপজেলার কুলাদি এলাকার জাহিদ হাসানের ছেলে আলিফ হাসান (৮) ও আতাইকুলা থানার শ্রীকল এলাকার বাশার শেখের ছেলে বাকী বিল্লাহ (৩৫)। অন্যদিকে, আহত আঁখি খাতুন (৩০) জাহিদ হাসানের স্ত্রী।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, আঁখি তার শিশু সন্তান আলিফকে নিয়ে সিএনজি অটোরিকশাযোগে রূপপুরের দিক থেকে দাশুড়িয়া অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে কোলেরকান্দি নামক স্থানে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেল সিএনজি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে আঁখির কোল থেকে শিশু আলিফ সড়কে ছিটকে পড়ে।
পরে মোটরসাইকেল চালক বাকি বিল্লাহ শিশুটিকে উদ্ধার করার চেষ্টা করছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু আলিফ এবং মোটরসাইকেল চালক বাকী বিল্লাহ নিহত হন। এ ঘটনায় ওই শিশুর মা আঁখি খাতুন পাকা রাস্তার ওপর পড়ে গিয়ে আহত হন।
পাকশী হাইওয়ে থানার ওসি নান্নু খান জানান, খবর পেয়ে মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পাকশী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে। আহত অবস্থায় গৃহবধূ আঁখি খাতুনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়।
তিনি আরও জানান, সুরতহাল শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

