AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টাইগারপাসে ফিরেছে নতুন প্রাণ


Ekushey Sangbad
পর্যটন ডেস্ক
১০:১৪ পিএম, ১৩ মে, ২০২৬

টাইগারপাসে ফিরেছে নতুন প্রাণ

টাইগারপাস ফিরছে নতুন সৌন্দর্য। চট্টগ্রাম সিটি কর্পোরেশন-এর উদ্যোগে চারুকলার শিক্ষার্থীদের তুলির আঁচড়ে সাজানো হচ্ছে ঐতিহাসিক এ এলাকা।

দীর্ঘদিনের ধুলোবালি ও অযত্নে ম্লান হয়ে যাওয়া টাইগারপাসের পাহাড়ঘেঁষা দেয়াল, বাঘের ভাস্কর্য ও আশপাশের বিভিন্ন স্থানে এখন ফুটে উঠছে বাঘ, প্রকৃতি ও Chattogramের ঐতিহ্যের নানা চিত্র। তরুণ শিল্পীদের সৃজনশীল কাজের মাধ্যমে বদলে যাচ্ছে পুরো এলাকার চেহারা।

চারুকলার শিক্ষার্থীরা জানান, বাস্তব নগর পরিবেশে কাজ করার অভিজ্ঞতা তাদের জন্য বিশেষ। পাশাপাশি জনসাধারণের সামনে নিজেদের শিল্পচর্চা তুলে ধরতে পেরে এবং নগর সৌন্দর্যবর্ধনের কাজে যুক্ত হতে পেরে তারা আনন্দিত।

টাইগারপাস শুধু একটি সড়ক মোড় নয়, এটি চট্টগ্রামের পরিচয়েরও অংশ। শহরে প্রবেশের সময় স্থানটি অনেকের চোখে প্রথম ধরা পড়ে। তাই এলাকাটিকে নান্দনিকভাবে গড়ে তোলার উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন নগরবাসী। অনেকে মনে করছেন, কাজ শেষ হলে এটি আবারও নগরীর অন্যতম আকর্ষণীয় স্পটে পরিণত হবে। বিশেষ করে তরুণদের জন্য এটি হতে পারে জনপ্রিয় ‘সেলফি জোন’ কিংবা স্বল্প সময়ের জন্য একটু স্বস্তি নেওয়ার জায়গা।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, আগে টাইগারপাসের পাহাড়ি দেওয়ালগুলো অনেকটাই বিবর্ণ ও অপরিচ্ছন্ন দেখাতো। এখন সেখানে রঙিন শিল্পকর্ম ফুটে ওঠায় পুরো পরিবেশেই এক ধরনের প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে। ব্যস্ত নগর জীবনের মাঝেও এই রঙিন দেওয়াল পথচারীদের মনে এনে দিচ্ছে আলাদা প্রশান্তি।

নগর পরিকল্পনাবিদদের মতে, একটি শহরের সৌন্দর্য শুধু বড় বড় স্থাপনা দিয়ে তৈরি হয় না; বরং উন্মুক্ত স্থান, দেওয়ালচিত্র, ভাস্কর্য ও সবুজ পরিবেশ মিলেই গড়ে ওঠে একটি মানবিক ও বাসযোগ্য নগর। সেই জায়গা থেকে টাইগারপাসে নেওয়া এ উদ্যোগ চট্টগ্রামের জন্য ইতিবাচক বার্তা বহন করছে। এটি একদিকে যেমন ঐতিহ্য সংরক্ষণের কাজ করছে, অন্যদিকে নতুন প্রজন্মের শিল্পচর্চাকেও উৎসাহিত করছে।

চট্টগ্রাম পাহাড়, নদী আর সবুজের শহর হিসেবে পরিচিত। সেই পরিচয়কে আরও শৈল্পিকভাবে তুলে ধরার এ প্রয়াস নগরবাসীর মাঝেও আশাবাদ তৈরি করেছে। শিল্প আর প্রকৃতির মেলবন্ধনে টাইগারপাস যেন আবারও ফিরে পাচ্ছে তার হারানো সৌন্দর্য।
রঙের কাজ পুরোপুরি শেষ হলে টাইগারপাস শুধু একটি সড়ক মোড় হিসেবেই নয় বরং চট্টগ্রামের নান্দনিকতার প্রতীক হিসেবেও নতুনভাবে পরিচিতি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

অভিলাষ মাহমুদ

লেখক: কবি ও গল্পকার।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!