নাটকীয় লড়াই শেষে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। কানসাস সিটিতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে নির্ধারিত সময় ১-১ সমতায় শেষ হলেও অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজের গোলে ৩-১ ব্যবধানে সুইজারল্যান্ডকে হারিয়েছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় আর্জেন্টিনা। ১০ম মিনিটে লিওনেল মেসির কর্নার থেকে সৃষ্ট সুযোগ কাজে লাগিয়ে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধে এই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় লিওনেল স্কালোনির শিষ্যরা।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় সুইজারল্যান্ড। কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ৬৭তম মিনিটে ড্যান এনদোয়ের গোলে সমতায় ফেরে ইউরোপের দলটি। গোলের পাঁচ মিনিট পরই বড় ধাক্কা খায় সুইসরা। ভিএআরের পর্যালোচনায় ফাউলের অভিনয়ের দায়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রিল এম্বোলো। ফলে ম্যাচের শেষভাগ ১০ জন নিয়েই খেলতে হয় তাদের।

সংখ্যাগত সুবিধা পেয়েও নির্ধারিত সময়ে জয়সূচক গোল করতে পারেনি আর্জেন্টিনা। মেসি, ম্যাক অ্যালিস্টার ও নিকো গঞ্জালেজদের একাধিক সুযোগ ব্যর্থ হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন হুলিয়ান আলভারেজ। ১১২তম মিনিটে বদলি খেলোয়াড় হোসে মানুয়েল লোপেসের পাস পেয়ে বক্সের বাইরে থেকে দারুণ বাঁকানো শটে বল জালে জড়িয়ে আর্জেন্টিনাকে আবারও এগিয়ে দেন তিনি।

এরপর যোগ করা সময়ের প্রথম মিনিটে জয় নিশ্চিত করে লাউতারো মার্টিনেজ। সুইজারল্যান্ডের রক্ষণভাগে বল কেড়ে নিয়ে দ্রুত পাল্টা আক্রমণ শুরু করে আর্জেন্টিনা। থিয়াগো আলমাদার শট গোলরক্ষক গ্রেগর কোবেল ফিরিয়ে দিলেও ফিরতি বলে লাউতারো সহজেই জালে পাঠিয়ে ব্যবধান ৩-১ করেন।
এই জয়ে বিশ্বকাপের শেষ চার নিশ্চিত করল আর্জেন্টিনা। আগামী ১৬ জুলাই (বাংলাদেশ সময় রাত ১টা) আটলান্টায় অনুষ্ঠিত সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে লিওনেল মেসির দল। ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

