২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল এবার শুধু ফুটবলপ্রেমীদের জন্যই নয়, সংগীতপ্রেমীদের জন্যও হতে যাচ্ছে বিশেষ আকর্ষণের। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালের বিরতিতে সুপার বোলের আদলে আয়োজন করা হচ্ছে একটি বিশেষ হাফটাইম শো, যেখানে পারফর্ম করবেন বিশ্বখ্যাত সংগীত তারকারা।
আগামী ১৯ জুলাই অনুষ্ঠিতব্য ফাইনালের প্রথমার্ধ শেষে ১১ মিনিটের এই আয়োজনে মঞ্চে উঠবেন পপ তারকা শাকিরা, জাস্টিন বিবার, ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস।
ফিফা গ্লোবাল সিটিজেন শিক্ষা তহবিলের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানে আরও অংশ নেবেন নাইজেরিয়ার সংগীতশিল্পী বার্না বয়, ভেনেজুয়েলার খ্যাতিমান অর্কেস্ট্রা পরিচালক গুস্তাভো দুদামেল, ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের সদস্যদের নিয়ে গঠিত পিএস বাইশ কোরাস এবং শিশুদের জনপ্রিয় অনুষ্ঠান সিসেমি স্ট্রিট-এর মাপেট চরিত্রগুলো।
এই আয়োজন সম্পর্কে জাস্টিন বিবার বলেন, ফুটবল বিশ্বকাপ এমন একটি বৈশ্বিক মঞ্চ, যা বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে একসঙ্গে যুক্ত করতে পারে। তার মতে, এ ধরনের প্রভাব খুব কম আয়োজনেরই রয়েছে।
স্বাস্থ্যগত কারণে দীর্ঘ বিরতির পর চলতি বছর ক্যালিফোর্নিয়ার কোচেলা সংগীত উৎসবে মঞ্চে ফিরেছিলেন বিবার। চার বছরের মধ্যে সেটিই ছিল তার সবচেয়ে বড় লাইভ পারফরম্যান্স।
বিশেষ এই হাফটাইম শোর সৃজনশীল পরিকল্পনার দায়িত্ব পালন করছেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন। আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠান থেকে সংগৃহীত অর্থ ফিফা গ্লোবাল সিটিজেন শিক্ষা তহবিলে দেওয়া হবে। এ তহবিলের লক্ষ্য বিশ্বের বিভিন্ন দেশের শিশুদের শিক্ষার জন্য ১০ কোটি মার্কিন ডলার সংগ্রহ করা।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও একসঙ্গে পারফর্ম করেছিলেন শাকিরা ও বার্না বয়। তাদের পরিবেশিত টুর্নামেন্টের থিম সং ‘দাই দাই’ ইতোমধ্যে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছে এবং বিভিন্ন ম্যাচের আয়োজনে নিয়মিত ব্যবহার করা হচ্ছে।
এদিকে মাঠের লড়াইও এখন শেষ আটে পৌঁছেছে। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ মরক্কো, স্পেনের সামনে বেলজিয়াম, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড এবং বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে।
গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, যার গোল সংখ্যা আট। তার ঠিক পেছনেই আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে ও নরওয়ের আর্লিং হালান্ড, দুজনেরই গোল সাতটি। ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনের গোল ছয়টি।
ফলে এবারের বিশ্বকাপ ফাইনাল ফুটবলের উত্তেজনার পাশাপাশি সংগীতের তারকাখচিত পরিবেশনাতেও স্মরণীয় হয়ে থাকার সব উপাদান নিয়ে হাজির হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

