ফিফা বিশ্বকাপ ট্রফির এক ব্যতিক্রমধর্মী ও বিলাসবহুল সংস্করণ উন্মোচন করেছে দুবাইভিত্তিক একটি গয়নার প্রতিষ্ঠান। লেগো ব্লক দিয়ে তৈরি এই বিশেষ ট্রফিটি সাজানো হয়েছে ৯০০টিরও বেশি হীরা এবং ১৮ ক্যারেট সোনার অংশ দিয়ে। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৮২ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৮৫ হাজার টাকা।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রফিটি মূলত ফিফা বিশ্বকাপের অফিসিয়াল লেগো সংস্করণের আদলে তৈরি। সাধারণ এই লেগো মডেলটি ২ হাজার ৮৪২টি ব্লক দিয়ে নির্মিত এবং বাজারে এর দাম প্রায় ২০০ ডলার (প্রায় ২৫ হাজার টাকা)।
দুবাইয়ের খ্যাতনামা স্বর্ণকার হেমন্ত করমচাঁদানি এই সাধারণ লেগো ট্রফিটিকে রূপ দিয়েছেন এক অনন্য শিল্পকর্মে। তার ১০ বছর বয়সী ছেলে যশ করমচাঁদানি মাত্র তিন দিনে লেগো ট্রফির মূল কাঠামো তৈরি করে। এরপর সেটিকে হীরা ও সোনায় অলংকৃত করতে কারিগরদের প্রায় ৩৫ দিন সময় লেগেছে।
প্রতিটি অংশে অত্যন্ত নিখুঁতভাবে হাতে বসানো হয়েছে হীরা। পাশাপাশি প্লাস্টিকের কিছু অংশের পরিবর্তে ব্যবহার করা হয়েছে ১৮ ক্যারেট সোনা, যা ট্রফিটিকে দিয়েছে রাজকীয় আভা।
দুবাইয়ের বিখ্যাত গোল্ড অ্যান্ড ডায়মন্ড পার্কে অবস্থিত প্যাশন জুয়েলার্সের ৬৫ জন কারিগর এই ট্রফি তৈরির কাজে অংশ নেন। নির্মাতাদের মতে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল লেগোর প্রতিটি অংশের মাপ অনুযায়ী সোনার উপাদান তৈরি করা এবং সেগুলো নিখুঁতভাবে স্থাপন করা।
বর্তমানে ট্রফিটি জনসাধারণের প্রদর্শনের জন্য প্যাশন জুয়েলার্সের শোরুমে রাখা হয়েছে। ফুটবলপ্রেমী, লেগো সংগ্রাহক ও বিলাসবহুল শিল্পকর্মের অনুরাগীদের মধ্যে এটি ব্যাপক আগ্রহ ও কৌতূহলের সৃষ্টি করেছে।
বিশেষজ্ঞদের মতে, হীরা ও সোনায় মোড়ানো এই অনন্য সৃষ্টি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল লেগো-ভিত্তিক বিশ্বকাপ ট্রফিগুলোর অন্যতম হিসেবে বিবেচিত হতে পারে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

