দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হাম-সদৃশ উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৪৫ শিশু।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হলেও পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হাম আক্রান্ত কোনো শিশুর মৃত্যুর ঘটনা এ সময়ে রেকর্ড হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৬০৫ শিশু। এছাড়া পরীক্ষাগারে হামে আক্রান্ত হিসেবে নিশ্চিত হওয়ার পর প্রাণ হারিয়েছে আরও ৯৩ শিশু। সব মিলিয়ে গত সাড়ে তিন মাসে হাম ও হাম-সংশ্লিষ্ট উপসর্গে মোট ৬৯৮ শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে, গত এক দিনে পরীক্ষাগারে ৫২ জন নতুন হাম রোগী শনাক্ত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে নতুন রোগী হিসেবে নথিভুক্ত হয়েছে আরও ৮৯৩ শিশু। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬০ শিশু এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯০৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ হাজার ৬৫৩ জনে। এর মধ্যে ১১ হাজার ৪৪২ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে।
এ ছাড়া মোট আক্রান্তদের মধ্যে ৮০ হাজার ৪৯৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৭৬ হাজার ৭৮৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছে। স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং শিশুদের টিকাদান কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

