বিশ্বকাপের গ্রুপ পর্বে দুর্দান্ত ছন্দ ধরে রেখে টানা তিন ম্যাচে জয় তুলে নিয়েছে স্বাগতিক মেক্সিকো। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে চেকিয়াকে ৩-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষ দল হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে তারা।
প্রথমার্ধে দুই দলই ছিল তুলনামূলক সতর্ক। আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও বড় কোনো সুযোগ তৈরি করতে পারেনি কেউ। তবে বিরতির পরই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় মেক্সিকো।
ম্যাচের ৫৫তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। মাঝমাঠে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ একটি পাস দেন লুইস রোমো। সেই বল ধরে দ্রুত বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করে জালে বল জড়ান মাতেও চাভেজ। গোলের পর উচ্ছ্বাসে ফেটে পড়ে গ্যালারিতে থাকা মেক্সিকান সমর্থকরা।
প্রথম গোলের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। মাত্র পাঁচ মিনিট পর হুলিয়ান কিনোনেস গোল করে দলকে আরও এগিয়ে দেন।
এরপরও আক্রমণের ধার বজায় রাখে মেক্সিকো। যোগ করা সময়ের একেবারে শেষ দিকে আলভারো ফিদালগো গোল করে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন।
এই জয়ের ফলে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে মেক্সিকো। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে শতভাগ সাফল্য নিয়ে নকআউট পর্বে উঠেছে তারা।
এছাড়া ১৯৯০ সালের ইতালির পর প্রথম স্বাগতিক দেশ হিসেবে বিশ্বকাপের গ্রুপ পর্বের সব ম্যাচ জয়ের কীর্তিও গড়েছে মেক্সিকো। দ্বিতীয়ার্ধের দাপুটে ফুটবল শিরোপার লড়াইয়ে মেক্সিকোকে অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবেই প্রতিষ্ঠিত করেছে।
নকআউট পর্বে এখন নিজেদের দুর্দান্ত ছন্দ ধরে রাখাই হবে স্বাগতিকদের প্রধান লক্ষ্য।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

