AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভিনিসিয়ুসের জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৯:৪১ এএম, ২৫ জুন, ২০২৬

ভিনিসিয়ুসের জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল

ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত নৈপুণ্যে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল। একই গ্রুপ থেকে রানার্সআপ হিসেবে শেষ ৩২-এ উঠেছে মরক্কো।

বুধবার (২৪ জুন) ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের মাত্র ৭ মিনিটেই স্কটল্যান্ডের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। ডিফেন্ডার স্কট ম্যাককেনার ভুল পাস কেটে বল পেয়ে কোনো ভুল করেননি রিয়াল মাদ্রিদের এই তারকা।

২২ মিনিটে আবারও জাল খুঁজে পেয়েছিলেন ভিনিসিয়ুস। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) যাচাইয়ের পর ফাউলের কারণে গোলটি বাতিল করা হয়।

প্রথমার্ধের যোগ করা সময়ে দ্বিতীয়বারের মতো গোল করে ব্রাজিলের ব্যবধান দ্বিগুণ করেন ভিনি। ব্রুনো গুইমারেসের ক্রসে পেছনের পোস্টে ফাঁকা অবস্থায় হেডে বল জালে পাঠান তিনি। বিরতিতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় সেলেসাওরা।

দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে ব্রাজিলের তৃতীয় গোলটি করেন মাথেউস কুনহা। এরপর ৭৬ মিনিটে দীর্ঘ ৩২ মাস পর ব্রাজিলের জার্সিতে মাঠে নামেন নেইমার। তার মাঠে ফেরায় গ্যালারিতে উচ্ছ্বাস দেখা যায় সমর্থকদের মধ্যে।

ম্যাচের শেষদিকে স্কটল্যান্ড কিছু সুযোগ তৈরি করলেও ব্রাজিলিয়ান গোলরক্ষককে পরাস্ত করতে পারেনি। ফলে ৩-০ গোলের স্বস্তিদায়ক জয় নিয়েই মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল।

এই জয়ে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। একই পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে রানার্সআপ হয়েছে মরক্কো, যারা নিজেদের শেষ ম্যাচে হাইতিকে ৪-২ গোলে হারিয়েছে।

নকআউট পর্বে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ ‘এফ’ গ্রুপের রানার্সআপ দল। সেই দৌড়ে রয়েছে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন। অন্যদিকে মরক্কো মুখোমুখি হবে ওই গ্রুপের চ্যাম্পিয়ন দলের।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!