বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই ইতিহাসের প্রথম গোলের দেখা পেয়েছে উজবেকিস্তান। তবে সেই অর্জন পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট হয়নি। দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়েছে কলম্বিয়া।
ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য বিস্তার করে কলম্বিয়া। একের পর এক সুযোগ তৈরি করলেও প্রথম গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয় ৪০তম মিনিট পর্যন্ত। লুইস দিয়াজের বাড়ানো বল থেকে ড্যানিয়েল মুনোজ গোল করে দলকে এগিয়ে দেন। ১-০ ব্যবধানে প্রথমার্ধ শেষ করে কলম্বিয়া।
বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা চালায় উজবেকিস্তান। আক্রমণের ধার বাড়িয়ে ৬০তম মিনিটে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম গোলটি করে দলটি। আব্বোসবেক ফয়জুললভের গোলে সমতায় ফেরে তারা।
তবে সমতার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। পাঁচ মিনিট পরই ৬৫তম মিনিটে লুইস দিয়াজ গোল করে আবারও কলম্বিয়াকে এগিয়ে দেন।
ম্যাচের শেষদিকে উজবেকিস্তান সমতা ফেরানোর চেষ্টা করলেও অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে জেমিনটন কাম্পাজ ব্যবধান আরও বাড়িয়ে দেন। তাঁর গোলে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে কলম্বিয়া।
এই জয়ের ফলে গ্রুপপর্বে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন করে শীর্ষস্থানে উঠে এসেছে কলম্বিয়া। অন্যদিকে, প্রথম বিশ্বকাপে অংশ নেওয়া উজবেকিস্তান লড়াকু পারফরম্যান্স দেখিয়েও পয়েন্টশূন্য অবস্থায় টেবিলের নিচের দিকে রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

