বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল দলের প্রস্তুতির মাঝেই নতুন করে চোটের শঙ্কায় পড়েছেন তারকা ফুটবলার নেইমার। কাফ ইনজুরির কারণে আসন্ন দুটি প্রস্তুতি ম্যাচে তার অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
আগামী ২৭ মে গ্রাঞ্জা কোমারিতে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার পর নেইমারের শারীরিক অবস্থার বিস্তারিত পরীক্ষা করা হবে। এরপরই তার খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
ব্রাজিল দলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নেইমারের জন্য আলাদা কোনো সুবিধা রাখা হবে না। দলের অন্য খেলোয়াড়দের মতো তাকেও একই মেডিকেল পর্যবেক্ষণ ও প্রটোকলের মধ্য দিয়ে যেতে হবে।
অন্যদিকে নেইমারের বর্তমান ক্লাব সান্তোস জানিয়েছে, চোটটি গুরুতর নয়। তাদের দাবি, এটি কেবল হালকা ফোলা এবং ২৬ মে’র ম্যাচে তাকে মাঠে নামানোর সম্ভাবনাও রয়েছে।
তবে ব্রাজিল ফুটবল ফেডারেশনের কাছে থাকা তথ্য ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। দেশটির কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চোটটি ধারণার চেয়ে জটিল হতে পারে এবং পুরোপুরি সেরে উঠতে আরও সময় লাগতে পারে।
এ অবস্থায় ৩১ মে পানামা এবং ৫ জুন মিশরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে।
ব্রাজিল দলের মূল লক্ষ্য এখন ১৩ জুন মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে নেইমারকে পুরোপুরি ফিট করে তোলা।
উল্লেখ্য, চোটের কারণে ২০২৩ সালের পর দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বিশ্বকাপের আগে নতুন করে তার ইনজুরি উদ্বেগ বাড়িয়েছে সমর্থকদের মধ্যে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

