চুয়াডাঙ্গার জীবননগরে গাঁজা ও ইয়াবাসহ আটক দুই যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সাজাপ্রাপ্তরা হলেন জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে লাদেন (২৫) এবং কিরণ মল্লিকের ছেলে অনিক মল্লিক (২৩)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার উপ-পরিদর্শক (এসআই) সেকেন্দার আবু জাফরের নেতৃত্বে একটি পুলিশ দল মনোহরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় গাঁজা ও ইয়াবাসহ লাদেন ও অনিককে হাতেনাতে আটক করা হয়।
পরে তাদের সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) প্রক্রিয়ায় চুয়াডাঙ্গার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক দুটি ধারায় অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় উভয়কে এক বছর করে কারাদণ্ড দেন।
রায় ঘোষণার পর সাজাপ্রাপ্তদের চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, জীবননগর উপজেলাকে মাদকমুক্ত করতে থানা পুলিশের ধারাবাহিক অভিযান এবং আদালতের দ্রুত বিচারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। এলাকাবাসীর দাবি, এসআই সেকেন্দার আবু জাফরের নেতৃত্বে চলমান মাদকবিরোধী অভিযানে এলাকায় মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

